ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কর্মশালা ও জুলাই বিপ্লব সম্মেলনে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির অংশগ্রহণ
- Update Time : ০৫:০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / 44
স্টাফ রিপোর্টার:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক (এসএসএন) শাখার ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল গত ১৮ ও ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুটি পৃথক কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণ করেছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজন দুটিতে মানবাধিকার, ন্যায়বিচার এবং শিক্ষার্থী নেতৃত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
১৮ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত “দ্বিতীয় সোচ্চার জাতীয় কর্মশালা: মানবাধিকার ও নেতৃত্ব ২০২৬” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের সোচ্চার শাখা এবং টর্চার ওয়াচডগ বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় মানবাধিকার, ন্যায়বিচার, নৈতিক নেতৃত্ব, গণতান্ত্রিক অংশগ্রহণ, সাংবিধানিক অধিকার এবং নিরাপদ ও নৈতিক তথ্য নথিভুক্তকরণ বিষয়ে দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা প্রশিক্ষণ ও আলোচনায় অংশ নেন।
পরদিন ১৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয় “দ্বিতীয় আন্তর্জাতিক জুলাই বিপ্লব সম্মেলন”। “জুলাই বিপ্লব ২০২৪ এর উত্তরাধিকার: জবাবদিহিতা, সংস্কার এবং বাংলাদেশের ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এই সম্মেলনে দেশ ও বিদেশের শিক্ষাবিদ, গবেষক, আইনজীবী, মানবাধিকার বিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে মানবাধিকার, ন্যায়বিচার, রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়।
নজরুল বিশ্ববিদ্যালয় সোচ্চার শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই আয়োজন থেকে অর্জিত অভিজ্ঞতা সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমে কাজে লাগবে বলে তারা আশা প্রকাশ করেছে। চ্যাপ্টারটির দাবি, এসব অভিজ্ঞতার আলোকে তারা ক্যাম্পাসে মানবাধিকার সচেতনতা ও নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তুলতে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়।























